This has been published in a Bengali Magazine called "Shukhi Grihokone"
বিতানের সাথে সেদিন হাঁটতে হাঁটতে অনেকদুর চলে গেছি। কথা বলতে বলতে এ-গলি সে-গলি পেরিয়ে কখন যে রাস্তা হারিয়েছি, দুজনের কেউই খেয়াল করিনি। খেয়াল যখন হল, তখন বেশ গাঢ় সন্ধ্যেবেলা। আর তার সাথে লোডসেডিং, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শুনেও শুনব না করে শুনতে পাচ্ছি, মেঘের ডাকটা বাড়ছে, ধুলোর ঝড়টাও শুরু হয়ে গেছে, এবং অবধারিতভাবে আর একটুক্ষণের মধ্যেই তেড়ে বৃষ্টিটা নামবে। কিচ্ছু করার নেই!
পাড়াটা নতুন, বিতান বাড়িটা সবে ভাড়া নিয়েছে, আজ সকালেই চাবি পেয়েছে হাতে। পেয়েই ফোন। আমিও ঝোঁকের মাথায় অফিস ফেরত বাড়ি না গিয়ে যা হোক একটা কিছু বলে বাড়িটা দেখতে চলে এসেছি। আর তাছাড়া, বিতানকে যতটা চিনি, এসব পর্দা, পাপোষ, বিছানার চাদর টাইপের দৈনন্দিন জিনিসপত্র কিনতে গিয়েও ছড়িয়ে লাট করবে, তাই আসতে আমাকে হতই।